Published Date:10-10-2021
1624946684.jpg?v=777231075

কবিতা

একটা হিম ভয় আপনাকে খেতে আসছে !

অসীমকুমার দাস

সাপের মতো হিম একটা ভয় আপনাকে পেঁচিয়ে ধরেছে

রাক্ষসের মতো হিম একটা ভয় চারপাশ থেকে আপনাকে গিলতে আসছে

উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনোদিক আর নিরাপদ নয় 

ভাত নয় ডাল নয় জল নয় শুধু একটা হিম ভয় 

রোজ আপনাকে খেতে হচ্ছে 

 

এই দেশ আপনার 

আপনি কি জানতেন এমন দিন একদিন আসবে যখন 

রাষ্ট্র বলবে 

আপনি বিদেশি 

আপনার রক্তে আর্য রক্ত নেই 

 

এই বাড়ি এই রাস্তা এই প্রান্তর এই শহর আজন্ম চেনা 

এই মানুষ কত আপন 

আপনি আশ্চর্য  হলেন যখন দেখলেন 

আপনি কখন এক নিমেষে পর হয়ে গেছেন

 

আপনার বাড়ি আজ আর আপনার নয় 

আপনার দেশ আজ আর আপনার নয়

রাষ্ট্রই ঠিক করে দিচ্ছে আপনার স্থান 

আপনি বুঝতে পারছেন 

একটা হিম ভয় বিষাক্ত সাপের মতো এগিয়ে আসছে

আপনি বুঝতে পারছেন 

একটা হিম আতঙ্ক রাক্ষসের মতো আপনাকে 

গিলতে আসছে 

Comments:

0 মন্তব্য
প্রদর্শন

একটি মন্তব্য পোস্ট করুন