Published Date:10-10-2021
1633077779.jpeg?v=1620231051

কবিতা

অসমাপ্ত সোলেনামা

মহসিন আহমেদ

রসালো ফলের ন্যায় দহনকালের সীমারেখা

অসমাপ্ত সংগীতের আদিম পুরাণে ধ্যানরত

শৈল্পিক বয়ানে লেখা খোলা চোখে যায় না তো দেখা

সহস্র সাধক আজ অনুমান বিন্দুতে আহত

ঢেউফল মিলনের ত্রিবেণী পরেছে মধুরাতে

ত্রিফলার নির্যাসেও আরোগ্য রচনা হতে পারে

তাম্রলিপি থেকে যদি অনুসন্ধানী আকল হাতে

উদ্ধার হয় কখনো তিয়াসাযুক্ত মরুমিনারে

থানকুনি রস যদি জীবনের গতি খুঁজে ফেরে

ত্রিশূলে বাড়ায় জানি রক্তের সমূহ গতিকলা

দরোজার খিল ভেঙে সহসাই বলে উঠি কে রে?

তরঙ্গের মহিমায় চাইলেও যায় না তো চলা

ত্রিপদী পাঠের কালে শোষকের তিরোধান হলে

তপোবন জেগে ওঠে, পড়ে থাকে অসমাপ্ত সোলেনামা

শালবনে অনায়াসে অবিরাম বহ্নিশিখা জ্বলে

পাহাড়ের গুহা থেকে ভেসে আসে দারুণ দামামা ।

Comments:

0 মন্তব্য
প্রদর্শন

একটি মন্তব্য পোস্ট করুন