Published Date:10-10-2021
1611439236.jpg?v=1712627210

মুক্ত গদ্য

এবং অনন্ত ভুলদানি

সন্দীপ কুমার ঝা

ভুল একবার নয়,বারবার করা দরকার । এটা পরীক্ষা করার জন‍্যে যে,আগের ভুলগুলো সত্যিই ভুল ছিল কিনা !

এভাবে একটা ভুল।তারপর সেটা পরীক্ষার জন‍্য আরও একটা । তারপর সেটার সম্পর্কে নিশ্চিত হতে আবার একটা । তারপর এবং এবং এবং...এভাবেই এখন আজ-কাল-পরশুর নির্মাণ !

এসব কেবল মজার জন‍্য বলা ! এমনটা হয় না কখনও । অথবা হয় ।

কোনও এক রাতে হঠাৎ অশুভ লগ্নের সাথে,অশুভ তিথি-নক্ষত্রের যোগসাজশ হয় ! হতে পারে । সেদিন সব কবর থেকে,সব চিতা থেকে-ভুলের প্রেত উঠে আসে ।অর্জিত । সমস্ত উচ্চতা ঢেকে যায় । সব আলো ঢেকে যায় কালো হয়ে । অশুভ বিড়ালের মত !

এমন কোনো এক শেষ দিনে, শনির ঘাড়ে সব দোষ দিয়ে আমরা সবাই,বসে থাকব এক ভুল-পাহাড়ের নীচে । বেকুবের মত । দুই হাত,দুই পায়ের সবকটা আঙুলের সবকটা সন্ধি,সবকটা কর দিয়ে,শুধু ভুল গুনে গুনে,ফতুর হয়ে যাব । সামনে ঝুলবে-হারামির মত একটা জীবন !

সে জীবন ভুলভাল দিকে ধোঁয়া হয়ে,ফুঃ হয়ে উড়ে গেলেও তত চিন্তা নেই,কিন্তু ভুলের সঠিক হিসাবটা তখনও আগলে রাখাটা খুব জরুরি হয়ে থাকবে ।

আসলে ভুল করে চলাটা তত খারাপ কিছু নয় কিন্তু ভুলকে ভুলে যেতে দেওয়া অথবা ইচ্ছে করে হারিয়ে ফেলতে চাওয়াটা,খুব খারাপ ! যে মরেই আছে,দরকার হলে তার বুকের উপরে হাঁটু গেড়ে বসো । শব সাধনায় বসো।নিজের প্রাপ্তি-সিদ্ধি বুঝে নাও । হিসাব মেলাও । মেলাতেই হবে । এমনটাই দস্তুর ।

এভাবে গুনে যেতে যেতে আজ সব গণনাই শেষ ! আশ্চর্য,তবু গণনাটুকুই এখনো অবশিষ্ট কাজ !

জীবন পোড়া গন্ধ,আস্তে আস্তে ঘিরে ধরছে আমাদের ! এখনো তবু বেয়াক্কেলের মত,

দুলে দুলে,ভুলের নামতা পড়ছি !

..এক এক্কে এক,    দুই দুইয়ে চার...

Comments:

0 মন্তব্য
প্রদর্শন

একটি মন্তব্য পোস্ট করুন