Published Date:10-10-2021
1597153158.jpg?v=965813603

কবিতা

কবিতাঃ সুদীপ্ত বিশ্বাস

আশ্রয়

 

সেই ছোট্টবেলা থেকে আমার 

ঘরে থাকার অভ্যাস 

বাইরে আমি শুইনি কখনও 

গায়ে লাগেনি শীতের কনকনে বাতাস

কিংবা বৃষ্টির ছাঁট ।

কালবৈশাখী এলেও তার আঁচ 

বুঝতে পারিনি কোনোদিন 

সেই ছোট্টবেলা থেকে আমি আছি

নিশ্চিন্ত ছাতার তলায় ।

বাবা হাড় জিরজিরে হয়ে গেছেন

চোখে পুরু চশমা, বুকে পেসমেকার

তবু ছাতাটি আছে হাতে তার

শক্ত,খুব শক্ত করে ধরা

সতর্ক দৃষ্টি তার চারদিকে 

যেন কিছুতেই না ভেজে তার সন্তান ।

 

কাঁটাতার 

 

আমরা পাখিরা উড়ে যাই কতদূরে

কত দেশ-গ্রাম ইয়ত্তা নেই তার

মানুষেরা শুধু ঝগড়া-বিবাদ করে

মানুষের শুধু দেশভাগ কাঁটাতার ।

আমরা নদীরা বয়ে যাই কত দূরে

পাহাড়ের থেকে দূর সাগরের পার

মানুষেরা শুধু দ্বন্দ্ব-বিবাদ করে

মানুষের শুধু দেশভাগ কাঁটাতার ।

আমরা আলোরা সূর্যের থেকে এসে

ভেদাভেদ ভুলে ঘোচাই অন্ধকার

মানুষেরা শুধু দ্বন্দ্ব-বিবাদ করে

মানুষের শুধু দেশভাগ কাঁটাতার ।

আমরা মেঘেরা হাওয়ার ডানায় ভেসে

কত পথ চলি হিসেব থাকে না তার

মানুষেরা শুধু দ্বন্দ্ব-বিবাদ করে

মানুষের শুধু দেশভাগ কাঁটাতার ।

Comments:

0 মন্তব্য
প্রদর্শন

একটি মন্তব্য পোস্ট করুন