কবিতা
কবিতাঃ স্বপন নাগ
এরকমই হয়
হয়, এরকমই হয় ;
দূরে সরে এসে আমিও একদিন
একটু একটু করে ঝাপসা হয়ে যাব ।
তখন সখ্য হবে গাছেদের সাথে
নদীতীরে বিজন সাঁকোটি হবে বন্ধু,
পাখির ডাক আর বুনোফুলের সৌরভে
মত্ত থাকবে আমার দিন আর রাত
সঙ্গী হবে অবৈতনিক হাওয়া ...
একটু একটু করে মুছে যাবে
এই সব কলরব,
মুখর হয়ে উঠবে স্তব্ধতা একদিন ।
স্মৃতির সরণী বেয়ে উঠে কি আসবে
কোনো দিন, কোনো এক দিন ?
উদোম হাওয়ার কোলে দোল খাচ্ছে
অস্থির সময় ।
এই আছে আর এই নেই-এর মাঝখানে
ঝাপসা হয়ে আসছে সেও !
আসলে, এরকম হয়, এরকমই !
খুঁজছো কাকে
পথ হারিয়ে পথেই বসে আছো
ডাকছে তোমায় নদী-পারের হাওয়া
জানো না ঠিক কোন ফাগুনের দিনে
হারিয়েছো উদাস তোমায় একা
সেই থেকে দিন, দিনের পরে দিন
ভেসে গেছে ছেনাল হাওয়ায়, বৃষ্টি
এসেও তবু ভেজায়নি সব ধূলো
বাজছে শুধু বুকের পাথরগুলো
বাইরে শিমুল পলাশ জুড়ে আগুন
তেমন করে ক'জন দেখে বলো
নদীর দিকেই চলেছে যেই পথ
পেরিয়ে গেলে শাল সেগুনের বন
ভেতরে কে পাতার আগুন জ্বেলে
ফুটিয়ে নিচ্ছে মোটা চালের ভাত
ভাতের গন্ধে আহ্লাদী মর্মর
পথ হারানো পথিক তুমি একা
খুঁজছো কাকে বাড়িয়ে আকুল হাত

0 মন্তব্য
প্রদর্শন
আড়াল