Published Date:10-10-2021
কবিতা
বিস্মৃতি
তরুণ প্রামাণিক
জাফরান রাঙা ক্লান্ত বিকেলে
হঠাৎ কোনো এক পুরানো বন্ধুর সাথে দেখা হয়ে যাবে ।
উপড়ে পড়া বট বৃক্ষের মতো শান্ত চারিদিক,
যেন রাত্রি শেষের কুয়াশা আর কৈশোর মুখোমুখি ।
তারপর
একটা সিগারেট দুজন ভাগাভাগি করে খাবো,
কিছু গালাগালি আর প্রথম দেখা নীল ছবি,
নিজেদের ভুল বোঝা বুঝির গল্প শেষে হলে
যে যার বাড়ির পথে পা বাড়াব ।
তখন
খুচরো কিছু অভিমান সরিয়ে সময় থমকে যাবে,
নদীর বুকে ঘন হয়ে জমে থাকা শান্ত ছায়ার মতন ।

0 মন্তব্য
প্রদর্শন
আড়াল