কবিতা
মেঘ বৃষ্টির বল্লম
অনিরুদ্ধ সুব্রত
১ ।।
এক খণ্ড নরম তুলতুলে সাদা মেঘ
অথবা সুন্দর বাহারি ফুলের সোনালী রেণু
কিম্বা দুধ-সাদা খরগোশের ভিতু লাল মুখ
কবিরা লেখেন কচি পাতায় বৃষ্টি বিন্দু সুখ
কফি হাউসে মুখোমুখি সান্ধ্য কফি অথবা
পান-পাত্রে প্রথম দামি নেশার চুমুক ।
২ ।।
কালো আকাশের দিক থেকে
নিষ্ঠুর দুপুর বেলায় সন্ধ্যে নামে
সময় বজ্রপাতে চরাচর ধ্বংস করে
কোত্থেকে উন্মত্ত মানুষ ছুটে আসে
যে উঠোনে অতীত চাঁদ দেখা দাঁড়িয়ে
সেখানে সে ঘন বৃষ্টির সঙ্গমে ডাকে
যে গান প্রত্যেকের পরিমিত দেয়ালে
ছবি এঁকেছে পোড়া দিন চারকোলে
পাতা-গায়ে জল,উপোসী দুপুর ভেঙে ।
৩ ।।
খুব রাগ হয়ে থাকি,জং ধরা বল্লমের মুখ
তারপর আকাশ বেয়ে মেঘ যায় পরবাসে
উঠোনের গাছে ডাকে ভালবাসা-পাখি
খুব ঠ্যাং তুলে নাচি, খাপখোলা ছুরির মতো,
জানি জানি তো---ফসলী দানা ঢেকে রেখেছি
নগর কীর্ত্তনের জল, নালা-পথ গেয়ে গঙ্গাতে
খোলস ফেটে মন চিল্লায় ক্ষুৎপিপাসার সুরে
ভাঁজ খুলে রস খাই, খুব খুব খুশি হয়ে যাই মরে ।

0 মন্তব্য
প্রদর্শন
আড়াল