Published Date:10-10-2021
1592588277.jpg?v=451921954

কবিতা

কবিতাঃ নবনীতা সরকার

ধাঁধা

 

আমাকে শব্দের তাপে পোড়াতে এসোনা,অপারগ যন্ত্রণা ! 

শরীরের সব জল শুকিয়ে যাবে ।

পোড়া চামড়ায় পা ফেলে মাড়িয়ে যাব হেলায়...

অহেতুক প্রেমের গুম ঘরে আটকে রেখোনা ।

সরাসরি বলো,কি চাও-শরীর,শব্দ,সংসার,উনুন ???

নাভী,স্তন,যোনি,অতল ? কি চাও
 

গুলিয়ে দেখো নিজের তিলভাঙ্গা ছায়া,

রন্ধ্রে রন্ধ্রে জমা করো গুঁড়ো কাঁচ

বীর্যে বীর্যে জ্বালিয়ে দাও আমায় ।

অহেতুক ধাঁধা-র জতুগৃহ রচনা কোরোনা ।

 

ভাসমান

 

তেমাথার মোড়ে ঝমঝম করে নামলে রাত

নিশুতি স্বপ্নে অনিদ্রারা চুমু এঁকে যায় । 

আমি নিঃশ্চুপে দাঁড়িয়ে দেখি বারান্দার গ্রীলে আছড়ে পড়া দামাল বৃষ্টি ফোঁটা। 

যেন বিগত দিনের প্যাঁচপ্যাঁচে ঘামগুলো অলীক সুখে হাঁফ ছেড়ে বাঁচে । 

যেন রান্নাঘরে ভেজা অসুখের কপালে জলপট্টির শীতল স্পর্শ রাখে কেউ । 


এই সব ‘যেন’র হালকা স্রোতে ভাসতে ভাসতে

যতটা শীত পৌঁছায় শিরদাঁড়ায়,

ঠিক ততখানিই জীবনের প্রতি বাড়ে তৃষ্ণা । 

বুঝতে পারি ধীরে ধীরে - ভালোবাসা অব্যক্ত,অবারিত,

শুধু দিতে জানে এমনই এক শাওনের দিন । 

 

যোগ্যতার বিচারে কবিতাগুলি মনোনীত হলে অনুপ্রাণিত হব ।

Comments:

0 মন্তব্য
প্রদর্শন

একটি মন্তব্য পোস্ট করুন