Published Date:10-10-2021
1592660971.jpg?v=1374276062

কবিতা

নশ্বর

সুদীপ দাস

শোবার আগে দুফোঁটা কৃত্রিম চোখের জল দিই

জলশূন্য দুচোখে

 

শ্রবণসীমার বাইরে যা ছুটে বেড়ায়

তাকে গাল ফুলিয়ে হাওয়া করে ভরে রাখি মুখে

দৃশ্যসীমার বাইরে যা উড়ে বেড়ায়

তাকে চোখের পাতায় জল করে ধরে রাখি

ভিতরে সেই জিরেন না পাওয়া খেজুর গাছের উশখুশ

 

ঘুমের মধ্যে সারাদিনের হল্লা, তিরিক্ষি প্রান্তর, রোগাটে বৃক্ষ

ঘুম ভাঙলেই চোখের জল টপটপ করে ঝরে যায়

গালের জমানো হাওয়া উবে যায় ভুস করে

বিছানায় ভূতের মতো উঠে বসি

হাতে আইড্রপের শিশি

 

টেবিল থেকে প্রথমে উঠিয়ে নিয়ে গেছে প্রিন্টার

তারপর একে একে মাউস, কিবোর্ড, মনিটর

সিপিইউটা কোনোক্রমে বেঁচে গেছে

তার ভিতরে সাজানো উৎসব, ভালোবাসা, দূরত্ব, বিষাদ, লাশ 

একে একে প্রশ্ন করছে

কেন এরকম হয় ?

ওই সব কিছু থেকে নিরুত্তর বেরিয়ে আসি

আর খুঁজি একটা নিরক্ষর স্বাবলম্বী উদ্ভিদের বন্ধুতা

 

সিপিইউটাও শেষমেষ নিয়ে গেল

এবার শুধু একটা শূন্য টেবিল

কী করে পুনরায় সক্ষম হয়ে উঠবে জানি না

 

ডান হাতের বুড়ো আঙুল দিয়ে মেঘ নাড়াতে শিখছি

ভাষার সঙ্গে ভাব করতে পারছি এমন একটা সময়ে

যখন ব্যাগপাইপ যন্ত্রটার আয়ু প্রায় ফুরিয়ে এসেছে  

Comments:

0 মন্তব্য
প্রদর্শন

একটি মন্তব্য পোস্ট করুন