Published Date:10-10-2021
1596813087.jpg?v=1108296843

কবিতা

কোনো একদিন ছিল আলো

মিলি মন্ডল রায়

চিবুক ছুঁয়েছে তর্জনী অনন্ত বিষাদ জমে আছে
উদাসীন অক্ষরগুলো দিকভ্রান্ত, কখন হারিয়ে গেছে !
দুচোখে বন্দী উত্তাল সমুদ্র গন্ধরাজ অভিমান
ঝড় থেমে গেছে কবে তবু সারারাত বৃষ্টির ঘ্রাণ ।

কোনো একদিন নক্ষত্র আলো মাটি জুড়ে অঙ্কুরিত শস্যবীজ
ভোরের জানালা খোলা রোদগন্ধী দোয়েলের শিস্,
চকমকি শব্দের দুপুরআলোয় ঝলমলে বিচ্ছুরণ
কাঁচঘেরা নদীজলে স্নিগ্ধ সবুজ স্বেচ্ছা নির্বাসন ।

পলাশেরা আজ শেকড়ছেঁড়া দিশাহীন পথে উদ্বাস্তু আগুন
তবুও বুকের মাঝে মাদলধ্বনি কৃষ্ণচূড়ায় নিবিড় ফাগুন,
বিকেল হারায় ঈশান কোণে অন্ধ কালবৈশাখী ঝড়ে
রঙহীন বৃষ্টিরা টুপটাপ ঝরে যায় নরম মাটির আদরে ।

দিগন্তরেখায় নিরালম্ব চাঁদ জোনাকির লুকোচুরি আবছা অন্ধকারে
নীল তর্জনী দিশাহারা চেনা পথ আজ কুয়াশা ঘোরে
ছায়াপথ জুড়ে অসংখ্য মৃত তারা আলো নেই বিবশ চোখে
বহুদূর থেকে নিভন্ত উত্তাপ ছবি আঁকে বিষন্ন চিবুকে ।

Comments:

0 মন্তব্য
প্রদর্শন

একটি মন্তব্য পোস্ট করুন