Published Date:10-10-2021
কবিতা
কুকুর-জীবন
অনীশ চট্টোপাধ্যায়
পরজন্ম বলে সত্যি যদি কিছু থাকে- কুকুর হয়ে জন্মাতে চাই ।
সোজা হয়ে দাঁড়াবো না, তবু শিরদাঁড়াটা সোজা হবে ।
জীবনকে অন্যভাবে দেখব বলে নয়, কুকুর-জীবন বাঁচবো বলে কেবল...
খিদে পেলে ছিনিয়ে নেব, উলঙ্গ হয়ে ক্ষুধা মেটাবো। ছলনা নয়,
যা ইচ্ছে করবো তাই। আমি কুকুর হয়ে বাঁচতে চাই ।
বিষাক্ত গলায় গান নয়, সুর ভাঁজবো নিজের লয়েই… কানের মাথায়
পুঁজ জমবে, খাবলে নেওয়া পাছার মাংস… খুব লাগবে,
একঘেয়ে ডাক চেচিয়ে যাবো। তবু মানুষ নয়, কুকুর হয়েই বাঁচবো ।
পেট খারাপে ঘাস চিববো, অল্প বয়সে মরে যাবো ।
তবু কুকুর-জীবন বাঁচবো আমি-
ঘুমের কোনো বালাই নেই, জেগেই থাকবো সারাটা জীবন
পাহারা দেবো, আগলে রাখবো, রাগলে কিংবা কষ্ট হলে
অবুঝ ভাষায় চিল্লে যাবো। বিশ্বাস করো আমায়?
বিশ্বাস আমি ভাঙবো না। কুকুর-জীবন বাঁচবো বলে
মনুষ্য-জীবন বাঁচবো না ।

0 মন্তব্য
প্রদর্শন
আড়াল